ব্যর্থতার জন্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিত :ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যর্থতার জন্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিত। একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন, যারা নিরপেক্ষ থাকবে এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। আপনারা মানুষকে রক্ষা করুন, না হলে তারাই আপনাদের ঘাড় ধরে নামাবে। আর কটূক্তি করা বাদ দেন, মিথ্যাচার করা বাদ দেন, মানুষের সমস্যার সমাধান করুন।

গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের হলরুমে বিএনপির উপজেলা শাখার উদ্যোগে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নিজেদের ভুল-ত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হোন। সব কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরুণেরা ছাড়া পরিবর্তন আসে না। আর এরাই এ দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।’

করোনা এসে সরকারের সুবিধা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দুই বছর করোনায় গণভবন থেকে বের হননি। সাধারণ মানুষের তো ঘরে বসে থাকলে চলবে না। আমাদের হুঁশিয়ারি দিচ্ছে বাইরে না বের হওয়ার। বলছে, সভা-সেমিনার করতে পারবা না, করলেই গ্রেফতার করছে।’

বিএনপির মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, বর্তমান পুলিশের নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুরি করে, অপহরণ করে মানুষকে।