সঠিক সময়ে চিকিত্সা দিলে অপরিণত নবজাতকের অন্ধত্বের অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের তৃতীয় তলায় রেটিনোপ্যাথি অব প্রিমেচিউরিটি (আরওপি) ক্লিনিকের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, অপরিণত বয়সে স্বল্প ওজন নিয়ে জন্ম নেওয়া নবজাতকদের অনেকের চোখে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া অপরিণত নবজাতকদের চোখের চিকিত্সা করলে তারা সুস্থ হতে পারে।
‘একান্ত প্রয়োজন না হলে ৩২ সপ্তাহের আগে গর্ভবতী মায়েদের সিজারিয়ান সেকশন (সিজার) না করাই উত্তম’ এই কথা উল্লেখ করে তিনি বলেন, রেটিনোপ্যাথি অব প্রিমেচিউরিটি ক্লিনিক চালু হওয়ায় অনেক নবজাতক পৃথিবীর আলো দেখতে পাবে। অন্ধত্ব প্রতিরোধে ও অন্ধত্ব নিবারণ দূরীকরণে আরওপি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাফর খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হাসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নবজাতক বিভাগের অধ্যাপক ও বিএমডিসির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল ইসলাম, চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, সপ্তাহে শনি, সোম ও বুধবার এই ক্লিনিকে অপরিণত নবজাতকদের সেবা দেওয়া হবে।