যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে ২৯ বছর পলাতক অবশেষে গ্রেফতার

২৯ বছর পালিয়ে থাকার পর রংপুরের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া এক আসামি রাজধানীর মিরপুর এলাকায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। তার নাম আবুল কালাম আজাদ। রবিবার রাতে মিরপুর পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে। সোমবার কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক এ তথ্য জানান।

আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ১৯৯২ সালের ২৪ জুন রংপুরের মিঠাপুকুর থানার গুটিবাড়ী সরকারপাড়া এলাকায় হামলার শিকার হয়ে মারা যান মো. ইব্রাহিম ওরফে ইব্রা নামে এক জন। ঐ ঘটনায় দায়ের করা মামলায় আবুল কালাম আজাদ ছিলেন অন্যতম আসামি। ঘটনার পর নানান কৌশলে ২৯ বছর পলাতক ছিলেন তিনি। এ সময়ের মধ্যে এই মামলার বাদী মো. মফিজ উদ্দিন মারা গেছেন। বাদীর এক ছেলে ছিল, তারও মৃত্যু হয়েছে। বাদীর এক মেয়ে থাকলেও তখন ছোট থাকায় এখন তার ঘটনা তেমন মনে নেই। ২০১৪ সালে আজাদের বাবাও মারা যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার আগে বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষের কয়েক জন মিলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ইব্রাহিমকে গুরুতর জখম করে। পরে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঐ ঘটনায় মিঠাপুকুর থানায় আবুল কালাম আজাদসহ ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ইব্রাহিমের ভাই মো. মফিজ উদ্দিন। এ হত্যা মামলায় আবুল কালাম আজাদ, ফারাজ উদ্দিন ও আবু ওরফে আবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। আদালতে সাজা ঘোষণার সময় ফারাজ উদ্দিন কারাগারে ছিলেন। আবুকে পুলিশ পরে গ্রেফতার করলেও আবুল কালাম আজাদ পলাতকই থেকে যান।