সরকার প্রশাসন দলীয়করণের মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী। এ সরকার প্রশাসনসহ রাষ্ট্রযন্ত্রে সব কিছু দলীয়করণ করে সব ক্ষেত্রেই কর্তৃত্ব  প্রতিষ্ঠা করতে চায়।

গতকাল সন্ধ্যায় পীরগঞ্জ পৌর অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, সাবেক এমপি জেড মোর্তুজা চৌধুরী তুলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা প্রমুখ। 

মির্জা ফখরুল বলেন, জনগণের ট্যাক্সের টাকায় এ সরকারের মদতপুষ্ট দলীয় লোকজনের পকেট ভারী করা হচ্ছে। এ সরকারের আমলে বড় লোক আরো বড় হচ্ছে। গরিব আরো গরিব হচ্ছে। তিনি বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে মুক্তি দিতে চায় না। দেশনেত্রীর বিরুদ্ধে মামলা সাজানো মামলা। সেই সাজানো মামলায় সাজা দিয়ে তাকে আটক রাখা হয়েছে। ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানান তিনি। তিনি আরো বলেন, এক জন চিত্র শিল্পীর রিমান্ড মঞ্জুরের জন্য নিম্ন আদালতকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে অথচ রাজনৈতিক নেতাকর্মীদের অবাধে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হচ্ছে।