পশ্চিম আফ্রিকার দেশ গিনির সামরিক অভ্যুত্থানকে সমর্থন দিয়েছে দেশটির প্রধান বিরোধীদল। গতকাল বিবিসির এক খবরে বলা হয়েছে, গিনির প্রধান বিরোধীদলীয় নেতা সেলু দালিয়েন দিয়াল্লো সামরিক অভ্যুত্থানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট আলফা কন্ডের উত্খাত গিনির নতুন শুরুর জন্য এক বড় সুযোগ। সেনাবাহিনী একটি ঐতিহাসিক কাজ সম্পন্ন করেছে। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং আঞ্চলিক সংস্থা ইকোওয়াস এ অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে এবং সাংবিধানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা প্রেসিডেন্ট কন্ডের মুক্তি দাবি করেছে।
অভ্যুত্থানের নেতা কর্নেল মামাদি ডোম্বওয়া গণমাধ্যমকে বলেছেন, উত্খাতকৃত নেতা আমাদের হেফাজতে রয়েছেন এবং তিনি নিরাপদে আছেন। রাজধানী কোনাক্রিতে গতকাল মঙ্গলবার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে খবরে বলা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার এক অভ্যুত্থানে প্রেসিডেন্ট কন্ডেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ঐ দিন সেনা কর্মকর্তা ডোম্বওয়া এক ভিডিওতে বলেছিলেন, আমরা আবারও এক জন মানুষের হাতে রাজনীতি হস্তান্তর করব না। এটি জনগণের কাছে হস্তান্তর করব। দেশকে রক্ষা করা এক জন সৈনিকের কর্তব্য। আমরা শুধু সেজন্যই এসেছি। আমরা অবারিত দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও অব্যবস্থাপনা দূর করতে চাই। রবিবার থেকেই দেশব্যাপী কার্ফিউ ঘোষণা করা হয়েছে। সরকারের থাকা নেতা ও কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।