মানিকগঞ্জের এক নারী দোকান থেকে মেহেদি কিনে হাতে ব্যবহারের পরের দিন দুই হাত ফুলে যায় ও ফোসকা পড়ে। পরে চিকিত্সকের শরণাপন্ন হতে হয়েছে তাকে। ঐ নারী স্মার্ট অ্যাকটিভ কোণ নামের মেহেদি কোম্পানির বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। ভোক্তা অধিদপ্তর ঐ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করে আর ঐ নারী জরিমানার ২৫ শতাংশ অর্থাত্ ২৫ হাজার টাকা পান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গত ২৭ আগস্ট অনন্যা আলম নামে এক নারী মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজা মার্কেটের ভাই ভাই কসমেটিকস থেকে মেহেদি ক্রয় করেন। ব্যবহারের পর তার হাত ফুলে যায় ও ফোসকা পড়ে। পরে অনন্যা আলম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশে স্মার্ট অ্যাকটিভ কোণ মেহেদীর উত্পাদনকারী প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিস লিমিটেডকে মঙ্গলবার দুপুরে শুনানির জন্য ডাকা হয়। শুনানিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুক্তভোগীর চিকিত্সার ব্যয় বহন করতে সম্মত হন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগকারী অনন্যা আলম আরোপিত জরিমানার ২৫ শতাংশ অর্থ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কাছ থেকে মঙ্গলবার দুপুরে গ্রহণ করেন।