চতুর্থ দিনের মতো শনাক্তের হার ১০ শতাংশের নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৫৬ জন। মৃত এই ৫৬ জনের মধ্যে ৩৭ জনই নারী, বাকি ১৯ জন পুরুষ। মহামারির দেড় বছরে কোভিডে দৈনিক মৃত্যুর তালিকায় পুরুষের চেয়ে দ্বিগুণ নারীর মৃত্যু আর কখনো দেখতে হয়নি বাংলাদেশকে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো শনাক্তের হার ১০ শতাংশের নিচে রয়েছে। এর আগে ৬ সেপ্টেম্বর শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ, ৫ সেপ্টেম্ব্বর ৯ দশমিক ৬৬ শতাংশ এবং ৪ সেপ্টেম্বর ৯ দশমিক ৮২ শতাংশ ছিল।  

আগের দিন সোমবার করোনা সংক্রমণ নিয়ে ৬৫ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৫৬। অন্যদিকে আগের দিন ২ হাজার ৭১০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই পরিমাণ ২ হাজার ৬৩৯ জন। অর্থাত্ গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৪৬৬টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। এখন পর্যন্ত ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং নারী ৩৭ জন। এখন পর্যন্ত পুরুষ ১৭ হাজার ২৩৯ জন এবং নারী মারা গেছেন ৯ হাজার ৪৪৫ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর ৬৪ দশমিক ৪৬ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৪০ শতাংশ নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে এক জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয় জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন,  ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ২০ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিন জন, খুলনায় ছয় জন, বরিশালে চার জন, সিলেটে পাঁচ জন, রংপুরে দুই জন এবং ময়মনসিংহ বিভাগে এক জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন, বাসায় এক জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় এক জনকে।