পাবনায় গণপূর্তের প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা

ঝুলিয়ে রাখা কাজের তাগিদ দেওয়ায় পাবনা গণপূর্ত ভবনের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে উপসহকারী বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ঠিকাদার মোকছেদুল আলম নয়ন পলাতক। ং

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রকৌশলী আব্দুস সাত্তার মামলাটি দায়ের করেছেন। এই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে এসআই ডেভিট হেমাদ্রি বর্মাকে। অভিযুক্ত ঠিকাদারকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা আমরা মেনে নিতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝুলন্ত কাজগুলো দ্রুত শেষ করে দেওয়ার তাগাদা দেওয়ায় ঠিকাদার মোকছেদুল আলম নয়ন অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন উপসহকারী বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে।

এদিকে ঘটনার পর থেকে ঠিকাদার নয়নের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার প্রতিষ্ঠান ও বাসাতে গিয়েও তাকে পাওয়া যায়নি।