‘করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের ভূমিকা পালন করছেন’

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, করোনা সঙ্কটসহ সকল দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুরক্ষা করার জন্য মায়ের ভূমিকা পালন করছেন। সন্তানের জন্য একজন মা যা করেন দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করছেন। আমরাও তার নেতৃত্বে কাজ করছি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শরীয়তপুরের সখিপুরের চরভাগাস্থ নিজ বাড়িতে নিজ অর্থায়নে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ মাস্ক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্পন্ন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। কারণ, তিনি বিশ্বাস করেন, 'আজকের নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দিবে।' নতুন প্রজন্ম যাতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেই লক্ষে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন, বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, ভেদরগঞ্জের ইউএনও তানভীর আল নাসীফ, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ ইকবাল মনসুর, নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত রায়, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।

ইত্তেফাক/এমএএম