আদালতের দ্বারস্থ সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। এই অভিনেতাকে ইন্ডাস্ট্রির সবাই বেশ সমীহ করে চলেন। কারণ, তিনি রেগে গেলে পরণতি যে ভয়াবহ হয় বিষয়টি সকলের জানা। কিন্তু সালমানকেই ব্যঙ্গ করেছে একটি ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাজারে নতুন এক অনলাইন ভিডিও গেম এসেছে। এটির নাম ‘সেলমন ভাই’। আর এই ভিডিও গেমের খবর পেতেই চটেছেন সালমান। তার অভিযোগ, তাকে নিয়েই এই ভিডিও গেম বানানো হয়েছে। সালমান নামটি ব্যঙ্গ করে গেমে ব্যবহার হয়েছে। এরপর বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা।

তবে তাকে নিয়ে গেম তৈরি কিংবা নাম ব্যবহারের চেয়ে ভিডিও গেমের বিষয়টি নিয়েই বেশি চটেছেন সালমান। এই অভিনেতার হিট অ্যান্ড রান মামলার অনুকরণ করেই নাকি বানানো হয়েছে এই গেম।

সালমান খানের আইনজীবী জানান, এই গেম বানানোর জন্য সালমানের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে এই গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই অভিযোগের বিরুদ্ধে হলফনামা জমা দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।


এই ভিডিও গেমের নির্মাতা প্যারোডি স্টুডিয়োজ প্রাইভেট লিমিটেডকে এই গেমটি বা সালমান সম্পর্কিত আর কোনও ধরনের জিনিস প্রচার এবং নতুন করে তৈরি না করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে গুগল প্লে এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই ভিডিও গেমটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত জানিয়েছে, সালমান খানকে মাথায় রেখেই এই ভিডিও গেমের চরিত্রটি তৈরি হয়েছে কিন্তু তাঁর থেকেই কোনও রকম অনুমতি নেওয়া হয়নি।

আদালতের কথায়, যে গেমটি তৈরি করা হয়েছে, সেটি অভিযোগকারী অর্থাৎ সালমান এবং তার বিরুদ্ধে আনা মামলার সঙ্গে সাদৃশ্য রাখে। কিন্তু সালমান এই গেমটি তৈরি করার অনুমতি কখনওই দেননি। তাই এ ক্ষেত্রে সলমনের গোপনীয়তা বজায় রাখার অধিকার লঙ্ঘিত হয়েছে এবং তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে।

ইত্তেফাক/বিএএফ