রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু 

রংপুরের বদরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল তিন আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রংপুরের একজনসহ চট্টগ্রাম ও নড়াইলের দু’জন বাসিন্দা রয়েছেন।
 
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খিয়ারপাড়ার নাটারাম-পদাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের হালিশহর উপজেলার আবদুল গফুরের ছেলে ইউসুফ আলী (৩৬), নড়াইলের লোহাগড়া উপজেলার বাচ্চু শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৪) এবং বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম খিয়ারপাড়া গ্রামের রনি মিয়া (২০)। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইউসুফ আলী ও নাহিদ শিকদার মোটরসাইকেলে শ্যালক রনি মিয়াকে সঙ্গে নিয়ে বের হন। তাদের গন্তব্য ছিল পার্শ্ববর্তী মিঠাপুকুরের পদাগঞ্জ বাজার। কিন্তু বেপরোয়া গতির কারণে খিয়ারপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ইউসুফ আলী মারা যান। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি মিয়া ও নাহিদ শিকদার। স্থানীয় লোকজন আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে ওই দু’জন মারা যান।

ইত্তেফাক/এসজেড