নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা মো. আলাউদ্দিন (৬০)সহ ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন হলেন, জেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল (৪৫) ও সক্রিয় কর্মী মো. ফখরুল ইসলাম দাউদ ( ৩৫)।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বেগমগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিআইও-১ সৈয়দ ফজলে রাব্বীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার মাওলানা মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ২৮ টি, নাছমিুল গনি চৌধুরী মহলের বিরুদ্ধে ৫টি এবং মো. ফখরুল ইসলাম দাউদের বিরুদ্ধে ৭টি নাশকতা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতের ৪০-৫০ জন দলীয় নেতাকর্মী নোয়াখালী জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর ব্যাংক রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলাসহ নাশকতার ছক বাস্তবায়ন করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রিকশায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা দ্রুত পালিয়ে যায়।
ইত্তেফাক/এনই/আরকে