ইউটিউবকে টপকে জনপ্রিয়তার তালিকায় টিকটক

জনপ্রিয়তার দিক থেকে ইউটিউবকে টপকে গেছে শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম টিকটক। বিশ্বব্যাপী অনেক স্মার্টফোন ব্যবহারকারীই এখন ইউটিউবের চেয়ে বেশি সময় কাটাচ্ছেন টিকটকে। 

যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে গত বছরেই ইউটিউবকে টপকে যায় টিকটক। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিভিন্ন অ্যাপের অ্যাপের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপ এনি’র এক গবেষণার বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে ইউটিউবের চেয়ে টিকটকে ভিডিও দেখতে এখন বেশি সময় ব্যয় করেন ব্যবহারকারীরা। দিন দিন টিকটকের জনপ্রিয়তা বাড়ছে। ফলে ইউটিউবে প্রবেশ করছেন না অনেকে।

অ্যাপ এনি’র ওই গবেষণা বলা হয়, যুক্তরাষ্ট্রে গত বছরের আগস্টে ইউটিউবকে পেছনে ফেলে টিকটক। ২০২১ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, ব্যবহারকারীরা প্রতি মাসে টিকটকে ভিডিও দেখতে ২৪ ঘণ্টা ব্যয় করেন। অপরদিকে ইউটিউবে ব্যয় করেন ২২ ঘণ্টা ৪০ মিনিট।

যুক্তরাজ্যে টিকটক-ইউটিউবের মাঝে ব্যবধান আরও  বেশি। দেশটিতে গত বছরের মে মাসে ইউটিউবকে ছাড়িয়ে যায় টিকটক। বর্তমানে সেখানে ব্যবহারকারীরা মাসে ২৬ ঘণ্টা ব্যয় করেন টিকটক কনটেন্ট দেখতে। অপরদিকে ইউটিউব কনটেন্ট দেখতে তারা ব্যয় করেন ১৬ ঘণ্টারও কম সময়।

এই তথ্য শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সময় ব্যয়ের হিসাবে এখনও টিকটকের চেয়ে এগিয়ে আছে ইউটিউব। ইউটিউবের ২০০ কোটি ব্যবহারকারীর বিপরীতে টিকটকের ৭০ কোটি ব্যবহারকারীই এর প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইত্তেফাক/আরকে