প্রথম দুই ম্যাচে হেরে নিউজিল্যান্ড কোচ গ্লেন পকন্যাল বলেছিলেন, আগুনের জবাব আগুন দিয়েই দেবেন। তৃতীয় ম্যাচ হারের পর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে সেটাও জানতেন কিউ কোচ। কঠিন লড়াইয়ের আভাস দিলেও ব্যর্থ হয়েছেন তারা। সফরকারী অধিনায়ক বললেন, তারা গড়পড়তার নিচে পারফরম্যান্স করেছেন। তবে বাংলাদেশের প্রশংসা করতে কার্পণ্য নেই তার।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৮ সেপ্টেম্বর) চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তো দূরে থাক, অতীতে টি-টোয়েন্টিতে জয়ের দেখাও পায়নি বাংলাদেশ। আর এবার ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ নেওয়ার পর সিরিজ জয়ের স্বাদটাও নিয়ে ফেলল বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে টম ল্যাথাম বললেন, ‘আমরা গড়পড়তার নিচে পারফর্ম করেছি। ১০০-১১০ রানের দিকে তাকিয়ে ছিলাম আমরা। কিন্তু বাংলাদেশের ব্যাটিংকে কৃতিত্ব দিতেই হয়। শুরুতে কয়েকটি উইকেট হারানোর পরও তারা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে। মাহমুদউল্লাহ যেভাবে শেষ করলেন, তা প্রশংসার যোগ্য।’
দল ৬ উইকেটে হারলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ল্যাথাম, ‘ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিতে পারায় আমি সন্তুষ্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর এনে দিতে ইয়াং ভালো ইনিংস খেলেছিল। আমরা দ্রুত কয়েকটি উইকেট হারায়, ম্যাচ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছিল।’
সিরিজ হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে সব ভুল শুধরে হাসতে চান অধিনায়ক, ‘ভিন্ন একটি মাঠে আমরা খাপ খাওয়াতে পেরেছি। এই তরুণ দলটি আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলেনি এবং আমাদের অনেকেই এখানে খেলেনি। শেষ ম্যাচে আমরা নিখুঁতের কাছাকাছি পারফরম্যান্স করতে আশাবাদী।’
ইত্তেফাক/এসআই