ইন্দোনেশিয়ায় কারাগারে আগুন, নিহত অন্তত ৪১

রয়টার্স

ইন্দোনেশিয়ার বান্টেন প্রদেশের একটি জনবহুল কারাগারে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বুধবার দেশটির গণমাধ্যম ও এক জন সরকারি মুখপাত্র এ খবর দিয়েছে। 

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা এপ্রিয়েন্তি বলেন, বান্টেনের টাঙ্গেরাং কারাগারের সি ব্লকে রাত ১টা থেকে ২টার দিকে আগুন লাগে এবং পরে তা নিভেও যায়। দুর্ঘটনার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘কারণ এখনো তদন্তাধীন।’ তিনি আরো বলেন, ঐ ব্লকটিতে মাদক সংক্রান্ত অপরাধে যারা কারাগারে আসেন তাদের রাখা হয় এবং সেখানে ১২২ জনের ধারণক্ষমতা রয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ঐ ব্লকে কত জন ছিলেন তা তিনি উল্লেখ করেননি, কিন্তু কারাগারটিতে ধারণক্ষমতার বেশি বন্দি ছিল বলে বিভিন্ন সূত্রে তা নিশ্চিত করা হয়েছে। সেপ্টেম্বরের এক সরকারি হিসাবে দেখা যায়, রাজধানী জাকার্তার কাছাকাছি গুরুত্বপূর্ণ ঐ কারাগারটিতে মাত্র ৬০০ জনের ধারণক্ষমতা থাকলেও বর্তমানে দুই হাজারেরও বেশি বন্দি রয়েছে সেখানে। দেশটির কমপাস টিভির এক ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা একটি ভবনের ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ঘটনায় আহত আট জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস মেট্রো টিভিকে বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আরো অন্তত ৭৩ জন সামান্য আহত হয়েছেন বলে তিনি পুলিশ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন। আগুনে এ হতাহতের ঘটনার পর কারাগারটি থেকে সব বন্দিকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।