সমুদ্র অর্থনীতিতে ডাচ বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ মূলত তৈরি পোশাক, হিমায়িত মাছ এবং চামড়া ও চামড়াজাত পণ্য নেদারল্যান্ডসে রপ্তানি করে। বাংলাদেশ হতে আরো বেশি হারে তৈরি পোশাক ও পরিবেশবান্ধব পাট ও পাটজাত প্রভৃতি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। বাংলাদেশে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যানে ভেন লিওভেনের সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। গতকাল ডিসিসিআইতে অনুষ্ঠিত ঐ বৈঠকে রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, নদী ব্যবস্থাপনা ও নদী শাসন, ডিজিটাল শিল্প খাত এবং সমুদ্র অর্থনীতি অত্যন্ত সম্ভাবনাময়। এখাতসমূহে বিনিয়োগের জন্য নেদারল্যান্ডসের উদ্যোক্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত অ্যানে ভেন লিওভেন বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য বেশ সন্তোষজনক অবস্থানে রয়েছে, তবে সেটাকে আরো উন্নীত করতে হলে দুই দেশের বেসরকারি খাতের মধ্যকার যোগাযোগ আরো বৃদ্ধি করতে হবে এবং বাংলাদেশ সরকার গৃহীত ‘ডেলটা প্ল্যান’-এর কার্যকর বাস্তবায়নে ভবিষ্যতে বৃহত্ বিনিয়োগ প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশের আভ্যন্তরীণ বাজার অত্যন্ত বৃহত্ ও সম্ভাবনাময় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, স্থানীয় জনগণের চাহিদা মেটাতে বিশেষ করে কৃষি খাতের আধুনিকায়ন খুবই জরুরি। তিনি উল্লেখ করেন, সারা পৃথিবীতে কৃষিপণ্য রপ্তানিতে নেদারল্যান্ডসের অবস্থান দ্বিতীয় এবং বাংলাদেশ কৃষি খাতে নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও পণ্যের বহুমুখীকরণে ডাচ উদ্যোক্তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সহায়তা নেওয়ার আহ্বান জানান।