আগ্রহের শীর্ষে এস্কয়্যার নিট

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৫২টির বা ৪০ দশমিক ৬৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে এস্কয়্যার নিট কম্পোজিটের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার এস্কয়্যার নিট কম্পোজিটের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪২ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এস্কয়্যার নিট কম্পোজিট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯ দশমিক ৬৩ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ৫২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৪১ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮ দশমিক ৭৩ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮ দশমিক ৭২ শতাংশ, সোনালী পেপারের ৭ দশমিক ৯৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭ দশমিক ৭১ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭ দশমিক ৬৪ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।