ডিএসইকে চল্লিশোর্ধ্ব পি/ই কোম্পানির দর বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারের চলমান উত্থানে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার দর যতটা না বাড়ছে, তার চেয়ে অনেক বেশি হারে বাড়ছে দুর্বল কোম্পানির দর। এর কারণ অনুসন্ধানে ৪০-এর বেশি মূল্য-আয় (পি/ই) অনুপাতের কোম্পানির দর বৃদ্ধি খতিয়ে দেখতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ৪০-এর বেশি পি/ই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে বের করতে। একই সঙ্গে ১৫ দিনে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে ৪০-এর বেশি পি/ই এর কোনো কোম্পানিকে বিএসইসির নির্দেশনা অমান্য করে মার্জিন ঋণ প্রদান করা হচ্ছে কি না, তা অনুসন্ধান করতে বলা হয়েছে বিএসইসির চিঠিতে। এর আগে দুর্বল কোম্পানির অস্বাভাবিক উত্থান রোধে স্বল্প মূলধনী কোম্পানির বিষয়ে সার্বিক অবস্থা যাচাই ও করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা করেছে বিএসইসি।

 

০