আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা উপজেলার কৃষকরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন আমন ধান রোপণে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, এই মৌসুমে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৯৫ হেক্টর জমিতে। কৃষকরা দেশীয় জাতের ধানের পরিবর্তে উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের দিকে বেশি ঝুঁকছেন। কৃষি অধিদপ্তর থেকে উচ্চ ফলনশীল বিনাসহ বিভিন্ন হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, অন্যান্য মৌসুমের চেয়ে আমন চাষের আগ্রহ কৃষকদের মধ্যে একটু বেশি। তাই তারা প্রতিকূলতার মধ্যেও আমন ধান চাষ করতে চায়।