নাটোর প্রতিনিধি
নাটোর ‘উত্তরা গণভবনে’ ফুটেছে নাগলিঙ্গম। দূর থেকে এই ফুল দর্শনার্থীদের নজর কাড়ছে। গাছে ফুল আর ফুল। নাগলিঙ্গমের সৌরভে রয়েছে গোলাপ আর পদ্মের মিশ্রিত ঘ্রাণ। গাছের পাশ দিয়ে গেলে এর ঘ্রাণ মানুষকে মুগ্ধ করে। ফুলটি দেখতে সাপের ফণার মতো। এ কারণেই হয়তো নাম তার নাগলিঙ্গম। নাগলিঙ্গমের ফল হাতির প্রিয় খাবার। এ জন্য কোথাও কোথাও এটি ‘হাতিফল’ নামেও পরিচিত। নাটোরের উত্তরা গণভবনের রাজপ্রাসাদের দক্ষিণে গেলেই দেখা মিলবে এই নাগলিঙ্গমের। গাছটির উচ্চতা প্রায় ৫০ ফুট। ডাল-কাণ্ড বেড়ে এখন বিশাল। উত্তরা গণভবনের হিসাবরক্ষক নুর মোহাম্মদ বলেন, ‘প্রায় ১৫০ বছর আগে রাজা প্রমোদ নাথ রায় রাজপ্রাসাদের মূল ভবনের পাশে দুইটি নাগলিঙ্গম গাছ রোপণ করেন। তার মধ্যে একটি এখনো বেঁচে আছে, ফুল ধরে, ফল হয়।’