ময়মনসিংহে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে স্মারকলিপি

ময়মনসিংহ প্রতিনিধি

দীর্ঘদিন যাবত্ ময়মনসিংহে দিনে রাতে একাধিকবার দীর্ঘসময় বিদ্যুত্ বিভ্রাটের কারণে ব্যাবসায়িক ও সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য ও নিরবচ্ছিন্ন বিদুত্ সরবরাহের দাবিতে বুধবার দুপুরে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে স্মারকলিপি দিয়েছে। এ সময় ব্যবসায়ী নেতারা আগামী ১০ দিন অবস্থা পর্যবেক্ষণ করবে, তারপর রাস্তায় দাঁড়ানো ছাড়া আর অন্য কোনো বিকল্প পথ থাকবে না বলে হুঁশিয়ারি দেন। স্মারকলিপি পাঠ করেন ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র সহসভাপতি শংকর সাহা প্রমুখ। জেলা প্রশাসক বলেন, বিদ্যুত্ বিভ্রাটের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সেই সঙ্গে বিষয়টি বিদ্যুত্ সচিবকে অবহিত করব।