কলারোয়ায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সাতক্ষীরা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হেমায়েত উদ্দীনের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মারুফ হোসেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভুট্টোলাল গাইন ও তার নেতাকর্মীদের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে গত ৫ সেপ্টেম্বর রাতে সংঘঠিত সহিংসতায় নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টোলাল গাইনসহ ১০ জন আহত হন। এ ঘটনায় দুই বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও মারুফ হোসেনসহ ৩৮ জনকে আসামি করে ভুট্টোলাল গাইনের স্ত্রী শ্যামলী রানী গাইন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেন।