রুয়েটের বাসচালক হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আবদুস সালাম (৫০) হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে চার আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিরা হলো সাব্বির হোসেন, নূর নবী হোসেন ওরফে হূদয়, সানোয়ার হোসেন ওরফে সাইমুন ও সোহেল রানা। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এসব তথ্য নিশ্চিত করে জানান, মামলায় আরো দুই কিশোর আসামি রয়েছে। তাদের বিচার চলছে শিশু আদালতে। রায় ঘোষণার সময় ঐ চার আসামি আদালতে হাজির ছিল। রায় ঘোষণার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

২০১৮ সালের ২৩ এপ্রিল রাতে রুয়েট-সংলগ্ন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ-পূর্ব পাশে রাস্তার ওপর বাসচালক আবদুস সালামকে কুপিয়ে আহত করা হয়। সালামের চিত্কার শুনে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের বড় ছেলে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।