স্ব্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট প্রয়োজন

ঔষধ খাত বর্তমানে বহুল সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হলেও গত ৫০ বছরে এদেশে স্বাস্থ্যখাতে নিযুক্ত হতে পারেননি ফার্মাসিস্টরা। যার দরুন পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দেশের মানুষ। পৃথিবীর উন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকালে স্বাস্থ্যখাতে ডাক্তার-ফার্মাসিস্ট-নার্সদের সম্মিলিত প্রয়াস লক্ষ করা যায়; কিন্তু তার ব্যতিক্রম আমাদের দেশ। চিকিত্সকের পরামর্শকৃত ওষুধের যথাযথ ব্যবহার, সংরক্ষণ পদ্ধতি, গ্রহণমাত্রা কিংবা গ্রহণে বিধিনিষেধ সম্পর্কিত দিকনির্দেশনা একমাত্র ফার্মাসিস্টদের উপস্থিতিতেই নিশ্চিত করা সম্ভব। কিন্তু স্বাস্থ্যসেবা বিষয়ক এই দিকটি এখনো অবহেলিত, যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে। গত বছর ফার্মাসিস্ট নিয়োগ সম্পর্কিত দুটি প্রজ্ঞাপন জারি হলেও এখনো বিষয়টি প্রক্রিয়াধীন। তাই সংশি­ষ্টদের কাছে অনুরোধ—স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা খাতকে আরো শক্তিশালী করুন।

নাজিয়া আফরিন

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা