অগ্রিম আয়কর বাতিলসহ ১৫ দফা দাবি না মানলে সারা দেশে কর্মবিরতি

বরিশাল ট্রাক মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ঘোষণা

বরিশাল অফিস

সারা দেশে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে বরিশাল জেলা ট্রাক মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। অগ্রিম আয়কর বাতিল, ড্রাইভিং লাইসেন্স ও নিরাপদ কর্মপরিবেশসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ এমন হুঁশিয়ারি দেন। ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে সারা দেশে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা। গতকাল বুধবার দুপুরে নগরীর গড়িয়াপাড় এলাকায় কর্মবিরতি-পূর্ব প্রস্তুতিমূলক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। বিভাগীয় ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি আনোয়ার শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লা, কাভার্ড ভ্যান-ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব, ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ্, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ইউনুস ব্যাপারী প্রমুখ।