হাটহাজারী মাদ্রাসার মুহতামিম হয়েই ইন্তেকাল করলেন আল্লামা আব্দুস সালাম

মাওলানা ইয়াহিয়া ভারপ্রাপ্ত মুহতামিম

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম (মহাপরিচালক) মুফতি আজম আল্লামা আব্দুস সালাম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার দুপুরে মাদ্রাসার শুরা বৈঠক চলাকালে তিনি হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল সকালে শুরা বৈঠকে তাকে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম বা মহাপরিচালক করা হয়। আল্লামা আব্দুস সালামের ইন্তেকালের পর শুরা বৈঠকে মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম এবং সহযোগী পরিচালক হিসেবে যথাক্রমে মাওলানা ইয়াহিয়া ও মুফতি জসিম উদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়। হাটহাজারী মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রাব্বানী ইত্তেফাককে এসব তথ্য জানান। আব্দুস সালামের ইন্তেকালে আল-হাইআতুল উলায়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানসহ অন্য সদস্যরা গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

উল্লেখ্য, মহাপরিচালক, শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিসসহ গুরুত্বপূর্ণ আটটি পদে দায়িত্ব বণ্টনের জন্য গতকাল বুধবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক আহ্বান করা হয়।