নোয়াখালী প্রতিনিধি
নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা মো. আলাউদ্দিন (৬০), জেলা সংস্কৃতিবিষয়ক সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল (৪৫) এবং সক্রিয় কর্মী মো. ফখরুল ইসলাম দাউদকে (৩৫), গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আাাইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিআইও-১ সৈয়দ ফজলে রাব্বী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গ্রেফতারকৃতরাসহ জামায়াতের ৪০-৫০ জন দলীয় নেতাকর্মী বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী ব্যাংক রোড এলাকায় একত্রিত হয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের গ্রেফতারকৃত কেন্দ্রীয় নেতাসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা প্রদান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ছক বাস্তবায়ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে ঘটনাস্থলে একটি রিকশায় আগুন ধরিয়ে দেয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত মাওলানা মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ২৮টি, নাছিমুল গনি চৌধুরী মহলের বিরুদ্ধে পাঁচটি এবং মো. ফখরুল ইসলাম দাউদের বিরুদ্ধে সাতটি নাশকতা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।