মেয়েদের সঙ্গে থাকা ঘুরে বেড়ানোর অনুমতি পেল জাপানি মা

দুই মেয়ের সঙ্গে রাতে থাকা এবং বাইরে বেড়ানোর অনুমতি পেয়েছেন জাপানি নাগরিক ডা. নাকানো এরিকো। তবে তাদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফও আলাদাভাবে শিশুদের নিয়ে ঘুরতে পারবেন। এরিকোর করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে এরিকোর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ইমরান শরীফের পক্ষে ফাওজিয়া করিম ফিরোজ শুনানি করেন।

শুনানি শেষে হাইকোর্ট ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে স্থাপিত সিসিটিভি ক্যামেরা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফরমে থাকা এরিকোর বিরুদ্ধে অবমাননাকর ভিডিও অপসারণে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া সাইবার পুলিশ সেন্টার সিআইডিকে এ ধরনের ভিডিও আপলোডকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।