সুদের টাকা দিতে না পারায় কান ছিঁড়ে নিল দাদন ব্যবসায়ী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মজনু মিয়া নামে একজন দাদন ব্যবসায়ী সুদের টাকা দিতে না পারায় এনামুল নামে এক ব্যক্তির বাড়িতে লোকজনসহ হামলা চালিয়ে তার স্ত্রীকে মারধর করেছে এবং এনামুলের কান ইট দিয়ে থেতলে কানের কিছু অংশ ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে এনামুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিত্সাধীন আছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত এনামুলের স্ত্রী মঙ্গলবার রাতে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে মজনুসহ পাঁচ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন, জহুরুল ইসলাম, শফিকুল  ইসলাম, শাফি ও  আজিজুর রহমান। তারা সবাই রামচন্দ্রপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুলের স্ত্রী নাজমা বেগম আড়াই মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঐ সময় তার চিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে। চিকিত্সার খরচ জোগাতে নিজের একজোড়া স্বর্ণের দুল (আট আনি ওজন) দাদন ব্যবসায়ী মজনুর কাছে বন্ধক রেখে ২০ হাজার টাকা নেন নাজমা। প্রতি সপ্তাহে দুই হাজার টাকা সুদে এই টাকা দেন মজনু। কিন্তু গত তিন সপ্তাহ ধরে সুদের টাকা দিতে পারছিলেন না নাজমা। নাজমার স্বামী এনামুল একজন অটোরিকশা চালক। অন্যের গাড়ি ভাড়া নিয়ে চালিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে সংসার চলে তাদের। 

শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।