আগামী বছরের শুরুতে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ শেষ হবে :দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ এগিয়ে চলছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা দেরি হচ্ছে। তাছাড়া কিছু আর্থিক সমস্যাও রয়েছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী বছরের দুই/তিন মাসের মধ্যে রেলপথ নির্মাণ শেষ হয়ে যাবে। গতকাল বুধবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার পথে সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সড়কপথ ভালো করা, রেলপথ মজবুত করা এবং নৌপথ ব্যবহারের জন্য দুই দেশের মধ্যে কাজ চলছে। এসব কাজ শেষ হলে দুই দেশই উপকৃত হবে। গত চার মাসে ভারত-বাংলাদেশের                বাণিজ্য বেড়েছে। রেলের মাধ্যমে মালামাল আনা-নেওয়া চলছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে আখাউড়া বন্দরের সুবিধা আরো বৃদ্ধি করা হবে।

ভারতের ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতে ভ্যাকসিন উত্পাদন বেড়েছে। ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন ও অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আশা করছি, দ্রুত ভ্যাকসিনও সরবরাহ করা যাবে।

ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে প্রসঙ্গে তিনি বলেন, এটা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বর্তমানে টুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা চালু আছে। তিনি দুই দিনের সফরে ভারতের আসাম যাবেন।

ভারতীয় হাইকমিশনার সড়কপথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেন। তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাজমুল হাসান, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ।