বাংলাদেশের টানা তৃতীয় সিরিজ জয়

জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন বোলাররা। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার ধারাবাহিকতায় হারের শঙ্কায় দুলে উঠেছিল সেই মঞ্চ। মিরপুর স্টেডিয়ামের ২২ গজে ৯৪ রানের টার্গেটই যেন পর্বতসম চ্যালেঞ্জ নিয়ে হাজির হলো। কম্পমান বাংলাদেশ দলকে টেনে তুললেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিংয়ের পর অধিনায়কের অপরাজিত ৪৩ রানে শেষ ওভারে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ উতরে জয়ের আনন্দে হাসল টাইগাররা।

গতকাল সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই ৩-১-এ সিরিজ জিতল মাহমুদউল্লাহ বাহিনী। তাতেই টানা তৃতীয় সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ দল। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও এলো প্রথম সিরিজ জয়। আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

টস জিতে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ১৯.১ ওভারে ৪ উইকেটে ৯৬ রান তুলে জয় পায় বাংলাদেশ। ক্যারিয়ার-সেরা ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন বাঁহাতি স্পিনার নাসুম।

রান তাড়া করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকেরা। তৃতীয় ওভারে ম্যাককনকির বলে স্লগ সুইপ খেলে স্কয়ার লেগে ক্যাচ দেন লিটন (৬)। পাওয়ার প্লের শেষ ওভারে অ্যাজাজ প্যাটেলের বলে এগিয়ে এসে স্ট্যাম্পড হন সাকিব (৮), প্রাণপণে সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক (০)। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটিতে জয়ের পথ সুগম করেন মাহমুদউল্লাহ-নাঈম শেখ। দলীয় ৬৭ রানে নাঈম শেখ রানআউট হন। তিনি ২৯ রান করেন।

পরে আফিফকে নিয়ে বাকি পথ পাড়ি দিয়েছেন মাহমুদউল্লাহ। ১৯তম ওভারে ম্যাককনকিকে ছক্কা মেরে রান-বলের দূরত্বের চাপও কাটিয়েছেন তিনি। শেষ ওভারের প্রথম বলে চার মেরে জয় নিশ্চিত করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৪৮ বলে ১টি চার ও ২টি ছক্কায় ম্যাচজয়ী অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। আফিফ অপরাজিত ৬ রান করেন। নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল ২টি, ম্যাককনকি ১টি উইকেট পান।

এর আগে কিউইদের আউট হওয়া প্রথম পাঁচ ব্যাটসম্যানের চার জনকে ফিরিয়ে দেন নাসুম। তার ৪ ওভারের দুটিই মেডেন এবং ২৪ বলের ১৭টি ডট। নাসুমের করা ইনিংসের পঞ্চম বলেই ক্যাচ দেন রাচিন রবীন্দ্র (০)। তারপর রিভার্স সুইপ খেলতে গিয়ে ফিন অ্যালেন তার শিকার হন। ১২তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে নিকোলস, গ্র্যান্ডহোমকে সাজঘরে পাঠান নাসুম। হ্যাটট্রিক না পেলেও সফরকারীদের ব্যাটিং লাইন ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন এই বাঁহাতি স্পিনারই।

পরে ১২ রানে ৪ উইকেট নিয়ে মুস্তাফিজ গুটিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনের লেজ। এক প্রান্ত আগলে উইল ইয়াং ৪৬ রান করেন, টম ল্যাথাম ২১, ফিন অ্যালেন ১২ রান করেন। বাংলাদেশের মেহেদী, সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড :১৯.৩ ওভারে ৯৩

বাংলাদেশ :১৯.১ ওভারে ৯৬/৪

ফল :বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ম্যাচ-সেরা : নাসুম আহমেদ (বাংলাদেশ)

রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি জাতীয় দলের খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর অভিনন্দন

এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান।

জেপির অভিনন্দন

এদিকে পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি রেখেই ৩-১ ব্যবধানে নিউজিল্যান্ডকে পরাজিত করে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বাংলাদেশ দলের এই বিজয়ে অধিনায়ক, কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেতৃদ্বয় প্রত্যাশা করেন।