মুন্সীগঞ্জের গজারিয়ায় লাঠির আঘাতে মাসুম সরকার (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগে ছোট ভাই ছোট ভাইয়ের মো. হৃদয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বসুরচর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। বুধবার সকালে নিহত মাসুম সরকারের স্ত্রী কাকলী বেগম বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই মাসুম সরকারের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল ছোট ভাই মো. হৃদয় সরকারের। মঙ্গলবার রাত ৮ টার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায় হৃদয় সরকার ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাসুমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন মাসুম। স্বজনরা তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাসুমকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, হৃদয় সরকারকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম