ভারত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

ভারতে সরকারি সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা লে. জেনারেল (অব.) ভিনোদ জি খান্ডারে, প্রতিরক্ষা সচিব অজয় কুমার, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন।

এছাড়াও তিনি ভারতীয় সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড, ওয়ারগেমিং ডেভলপমেন্ট সেন্টার, ডিফেন্স ইমেজ প্রসেসিং অ্যান্ড এনালাইসিস সেন্টার এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করেন।

সফরের শেষ দিনে সেনাপ্রধান ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর জীবন উত্সর্গকারীদের নাম খচিত স্থান ঘুরে দেখেন এবং আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে তিনি সাউথ ব্লকে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তিনি ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমারের সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্ শেষে তাকে ভারতের নিরাপত্তা চিন্তাধারা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উত্পাদন বিষয়ে দুটি পৃথক ব্রিফিং প্রদান করা হয়।

বৈঠক সমাপনান্তে সেনাবাহিনী প্রধান ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তাদের কার্যালয়ে সাক্ষাত্ করেন। পরে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ ও মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে ভারত ও বাংলাদেশ এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। —আইএসপিআর