‘মুক্তিযুদ্ধ পদক’ এর সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজিউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম বীরউত্তম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ ও ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান জানান, সরকার যে মুক্তিযুদ্ধ পদক ঘোষণা করেছে সেখানে মাত্র সাতটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। সংসদীয় কমিটি এই সংখ্যাটা বাড়াতে বলেছে। যাতে প্রতি বছর অন্তত ১৫ জন মুক্তিযোদ্ধাকে পদক দেওয়া যায়।
গত ৯ আগস্ট মুক্তিযুদ্ধ পদকের কথা জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রতি বছর ১৫ ডিসেম্বর ‘মুক্তিযুদ্ধ পদক’ আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনার পদকের সঙ্গে একটি রেপ্লিকা এবং ২ লাখ টাকা দেওয়া হবে। সংসদীয় কমিটি গতকালের বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক ঘোষিত যাবতীয় সুযোগ-সুবিধা যেন তারা নির্বিঘ্নে পেতে পারেন, সেলক্ষ্যে প্রত্যেককে ডিজিটাল সনদ, স্মার্ট পরিচয়পত্র ও একটি পদক দেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে সব মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিসে বীর মুক্তিযোদ্ধাদের ওঠানামার কষ্ট লাঘব করতে মন্ত্রণালয়কে কমপ্লেক্সে লিফট/ক্যাপসুল লিফট স্থাপনের সুপারিশ করা হয়েছে।