জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ২০২০-২০২১ অর্থবছরে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মঙ্গলবার পুরস্কার বিতরণ ও নব-যোগদানকৃত কর্মচারীগণের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্যমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীগণ, পুরস্কার বিজয়ী প্রতিযোগী ও তাদের অভিভাবকবৃন্দ। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জি এম সালেহ উদ্দিন স্বাগত বক্তব্যে কমিশনের সমৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিযোগিতা কমিশনের গুরুত্ব তুলে ধরে তিনি বাজার ব্যবস্থার ইতিহাস জানার জন্য সবাইকে আহ্বান করেন। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে কমিশনের সদস্য ড. এ এফ এম মনজুর কাদির, নাসরিন বেগম, রচনা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম স্থান অধিকারী মো. সাইফুর রহমান, কলেজ পর্যায়ের প্রথম স্থান অধিকারী ঈষিকা অরুণিমা এবং নবযোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শেখ রুবেল ও মো. কবির হোসেন বক্তব্য দেন। —প্রেস রিলিজ