মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল

পণ্য আমদানি-রপ্তানির কাজে মোংলা বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশী দেশ নেপাল। এ লক্ষ্যে নেপালের একটি প্রতিনিধিদল বুধবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার জানান, বাংলাদেশে নিযুক্ত নেপাল হাইকমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল দুপুর সোয়া ১২টায় মোংলা বন্দরে আসেন। এরপর বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক করেন তারা। নানা রকম সুযোগ-সুবিধার কারণে মংলা বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন নেপালের প্রতিনিধি দলের সদস্যরা। বর্তমানে নেপাল ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে থাকে।

নেপালকে ট্রানজিট-সুবিধা দিলে মোংলা বন্দর অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে উল্লেখ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার।