রাজধানীর মৌচাকে এক রাজমিস্ত্রির জোগালি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীর ছিনতাইয়ের শিকার হয়েছেন। ভুক্তভোগীর নাম সিরাজ (৫৫)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ছিনতাইয়ের শিকার হওয়ার পর এ সংক্রান্ত জিডি করতে তাকে তিন থানায় ঘুরতে হয়েছে। পরে অবশ্য রমনা থানা পুলিশ তার অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করেছে।
ভুক্তভোগী সিরাজের বৃদ্ধা মা ফয়জুন্নেসার মৃত্যু সংবাদ শুনে বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ঐ ব্যাগে ১৩ হাজার টাকা ছিল। টাকা খুইয়ে তিনি তার মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। ছিনতাই কাজে ব্যবহূত মোটরসাইকেলের ছবি মোবাইল ফোনে তুলে রেখেছেন। ছিনতাইকারীর মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-১৮-৩৩৯৩।
ভুক্তভোগী সিরাজের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীব বড়বাড়ী গ্রামে। এ ব্যাপারে রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, আমরা মোটরসাইকেলের নম্বরের সূত্র ধরে ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।