আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ-তরুণের মিশ্রণে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। সেই দলে দীর্ঘ প্রায় চার বছর পর জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে বাদ পড়েছেন দেশটির সীমিত ওভারের ফরম্যাটের নিয়মিত সদস্য অভিজ্ঞ স্পিনার যুঝবেন্দ্র চাহাল। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন অশ্বিন। এরপর থেকে সাদা বলের ক্রিকেটে তাকে আর দেখা যায়নি। তবে টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। যদিও ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চারটি ম্যাচ হয়ে গেলেও তাকে এখনো একাদশে রাখা হয়নি।
অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে বিশ্বকাপ দলে আরও জায়গার পেয়েছেন দুই তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী ও রাহুল চাহার। তাদের কারণে বাদ পড়েছেন ভারতীয় দলের নিয়মিত সদস্য দুই ‘রিস্ট’ স্পিনার যুঝবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। সুযোগ পাননি অভিজ্ঞ শিখর ধাওয়ান ও অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
স্কোয়াডে রাখা হয়েছে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও জাতীয় দলের হয়ে সাফল্য পাওয়া সূর্যকুমার যাদব ও ইশান কিষান'কে। টেস্টে আলো ছড়ানো অক্ষর প্যাটেলও জায়গা পেয়েছেন।
এই দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে।
একনজরে ভারতের বিশ্বকাপ দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।
ইত্তেফাক/টিএ