রামেক করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ২ জনের। নতুন মৃতদের ২ জন করোনা পজিটিভ এবং ৪ জনের করোনার উপসর্গ ছিল। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন। মৃত ৬ জনের ২ জন আইসিইউ এবং ২ জন ৩নং ওয়ার্ডে, ১ জন ১৪ ও ১ জন ২৯/৩০ নং ওয়ার্ডে মারা যান। এদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে ৫১ বয়স ঊর্ধ্ব ১ জন, ৪১ ঊর্ধ্ব ২ জন, ৩১ ঊর্ধ্ব ২ জন ও ২১ ঊর্ধ্ব ১ জন রয়েছেন। 

পরিচালক আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪৮। বর্তমানে রাজশাহীর ৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৭, নাটোরের ১৪, নওগাঁর ১১, পাবনার ১৯, কুষ্টিয়ার ৮, চুয়াডাঙ্গার ৩, জয়পুরহাটের একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

ছবি: সংগৃহীত

তিনি জানান, রামেক হাসপাতালে করোনায় ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনার উপসর্গে ভর্তি রয়েছেন ৬৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। গতকাল বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনায় ৯ জনের করোনা পজিটিভ হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৬৫ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে রাজশাহীতে করোনার সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ।

চলতি সেপ্টেম্বরের ৯ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬০ জন। এদের মধ্যে করোনায় ২২ জন, করোনার উপসর্গে ৩৩ জন এবং করোনা নেগেটিভ হয়েও শারীরিক জটিলতায় ৫ জনের মৃত্যু হয়। গত আগস্টে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনায় ১৫৪ জন, করোনার উপসর্গে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ হয়েও শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়। 

ইত্তফাক/এএএম