আওয়ামী লীগ এখন পুরোপুরিভাবে গোটা দেশের জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি আওয়ামী লীগ দেওলিয়া হয়ে গিয়েছে। আর বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের ওপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি এছাড়াও দেশের বাহিরেও বাসা আছে। তাহলে একজন পুলিশের যদি এই অবস্থা হয় তাহলে গোটা সিস্টেম এর কী অবস্থা এটা আপনারাই চিন্তা করে দেখেন।’
ছবি: ইত্তেফাক
বিএনপির দাবি একটাই উল্লেখ করে মহাসচিব বলেন, ‘আমাদের দাবি একটাই। এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আর আমরা সকল দলের সঙ্গে কথা বলছি ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।’
এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক ও অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এএএম