নাটোরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ঢাকায় (সিআইডি) পুলিশে কর্মরত উপ-পরিদর্শক খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগমকে আটকের পর জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক এএফএম গোলজার রহমান তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পাইকোরদল গ্রাম থেকেসুমি বেগমকে আটক করে পুলিশ।
গৃহকর্মীর মা নার্গিস বেগম জানান, অভাবের কারণে আমার মেয়ে তিন বছর আগে ঢাকায় সিআইডি পুলিশে কর্মরত উপ-পরিদর্শক খন্দকার আতিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। এরপর থেকে তাকে তার বাবা-মায়ের সঙ্গে আর দেখা হয়নি। শুরুতে ৮ মাস নিয়মিত বেতন পাঠিয়ে দিলেও পরে আর বেতন দেননি।
ভুক্তভোগী গৃহকর্মী জানায়, কাজে একটু ভুল করলেই আমাকে অনেক মারধর করতো। জোরে কান্না করলে আরও বেশি মারা হতো। তবে গৃহকর্তা পুলিশের উপপরিদর্শক তাকে মা বলে ডাকতো। নিজের মেয়ের মতো আদর করতেন। আমাকে মারপিট করার জন্য স্ত্রীকে বকাঝকা করতেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো: তারেক জুবায়ের জানান, পুলিশের গিয়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সুমি বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর মা থানায় একটি মামলা করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসজেড