ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে ইউপি চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবি

খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী উত্তম কুমার কুণ্ডু বাদী হয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি কল করে বলে তার ইউনিয়নের জন্য জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ আছে। দ্রুত এটা উঠাতে হবে। ৩০ হাজার টাকা নিয়ে আসেন।

একইভাবে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, রাড়ুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, লস্কর ইউপির চেয়ারম্যান তুহীন কাগুজী ও গড়ুইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের কাছে চাঁদা দাবি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, আমার কাছে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানালে আমি বিষয়টি অবগত হই এবং থানায় প্রশাসনিকভাবে জিডি করার ব্যবস্থা করি। তিনি বলেন, আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/এসজেড