জয়পুরহাটের পুনট ইউনিয়নে বিপন্ন হয়ে গেছে ভেষজ উদ্ভিদ। এক সময় প্রচুর ভেষজ উদ্ভিদ জন্মালেও এখন আর তেমন চোখে পড়ে না। তাছাড়া সংরক্ষণেরও কোনো উদ্যোগ নেই। আয়ুর্বেদিক চিকিত্সা ও অ্যালোপেথিক ওষুধ তৈরিতে ভেষজ উদ্ভিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু সংরক্ষণের অভাবে এক সময়ের ভেষজ গাছগাছড়া সমৃদ্ধ এই অঞ্চল থেকে উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান ও উপকারী সব ভেষজ উদ্ভিদ। প্রয়োজনীয় পরিচর্যা, অসচেতনতা আর যত্রতত্র গাছ কেটে বসতি স্থাপনের ফলে অযত্ন-অবহেলায় মহামূল্যবান এসব উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে রাস্তার দু পাশে থানকুনি, গ্রামের বিভিন্ন জায়গায় অসংখ্য নিমগাছ দেখা যেত। কিন্তু এখন সেসব উদ্ভিদ খুঁজে পাওয়াই কষ্টসাধ্য।
ভেষজ উদ্ভিদের ঔষধিগুণ সম্পর্কে মানুষকে জানাতে হবে। পরিচর্যা, ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বসতবাড়ির আঙিনায়, খোলা জায়গায়, পতিত জমিতে এমনকি রাস্তার দুই পাশে ভেষজ উদ্ভিদের চারা রোপণ করে এই মহামূল্যবান সম্পদ রক্ষা করা যেতে পারে।
নাজমুন নাহার জেমি