ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন :কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫)। এদিকে এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে শান্ত করলে প্রায় দেড় ঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, সকালে ভ্যানে যাত্রী নিয়ে বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিলেন মহিদুল ইসলাম। পথে ঘটনাস্থলে পৌঁছলে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটি ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক মহিদুল ইসলাম মারা যান। আহত হন ভ্যানের যাত্রী তাসলিমা খাতুন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদা-দর্শনা মহাসড়কের জয়রামপুর শেখপাড়ায় বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত হলো মোটরসাইকেল আরোহী রানা মোল্লা (১৮)। সে উপজেলার জয়রামপুর চৌধুরিপাড়া রাজা মোল্লার ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, রানা মোল্লার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ইজিবাইক চালককে ধরতে পুলিশি অভিযান চলছে।