সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৭৭টির বা ৪৭ দশমিক ০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার মেঘনা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৩ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা লাইফ ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিকের ৯ দশমিক ৯৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৮ দশমিক ৯০ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৮ দশমিক ৭৪ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮ দশমিক ৭৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৮ দশমিক ৬০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৪২ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়্যারের ৮ দশমিক ২৪ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮ দশমিক ১০ শতাংশ বেড়েছে।