বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

আত্মবিশ্বাসী তবে লক্ষ্য অজানা

মিডিয়া সেন্টারের বাইরে বড় মঞ্চ করা হয়েছে। ব্যানার টানানো ছিল। শামিয়ানার নিচে চেয়ারগুলোও সাজানো ছিল। বেলা ১২টায় ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল। যার জন্যই এত আয়োজন। কিন্তু বেলা ১১টা থেকে মিরপুরে ভাদ্র মাসের বিরস বৃষ্টি ভিজিয়ে দিল মঞ্চ। অগত্যা প্রায় দুই বছর পর মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন (করোনায় বন্ধ ছিল) কক্ষে যেতে হলো নির্বাচকদের।

বৃষ্টিস্নাত সময়ের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ঘোষণা করলেন ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলে অনুমিতভাবেই চমক নেই, বড় কোনো বিতর্কও নেই। সিদ্ধান্ত পরিবর্তন না করায় তামিম ইকবালকে পাওয়া গেল না বিশ্বকাপে। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেলেন আট ক্রিকেটার। তরুণ শামীম হোসেন মূল দলে থাকলেও স্ট্যান্ডবাই তালিকায় রুবেল হোসেনের সঙ্গে আছেন আমিনুল ইসলাম বিপ্লব।

সংবাদ সম্মেলনে তামিমকে না পাওয়ার মৃদু আক্ষেপ ঝরল। বিশ্বকাপ দলের অনেকের ম্যাচ অনুশীলনের অভাব নিয়ে প্রশ্ন ছুটল নির্বাচকদের দিকে। এর বাইরে স্বাচ্ছন্দ্যেই সংবাদ সম্মেলন শেষ করে ফিরে গেছেন নির্বাচকরা।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হবে বিশ্বকাপ। কন্ডিশন বিবেচনা করেই দল নির্বাচন করেছেন নির্বাচকরা। ঘোষিত দলটা নিয়েও দারুণ আশাবাদী তারা। কিন্তু বিশ্বকাপে দলটা কতদূর যেতে পারবে, তা নিয়ে স্পষ্ট কিছুই বললেন না প্রধান নির্বাচক। লক্ষ্যের বিষয়টা ঠেলে দিলেন টিম ম্যানেজমেন্টের দিকে।    

দলটা নিজের আশাবাদ ব্যক্ত করে গতকাল নান্নু বলেছেন, ‘আমরা নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী এই দলের ওপর। কারণ আমরা জিম্বাবুয়ে থেকে ধারাবাহিকভাবে এ দল নিয়েই তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা ঘরের মাটিতে প্রায় সব সাদা বলের সিরিজে আমরা জিতেছি। আমরা আত্মবিশ্বাসী যে এ ধারাবাহিকতা রেখে টি-২০ বিশ্বকাপেও আমাদের দল ভালো করবে।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে প্রধান নির্বাচকের কণ্ঠে জোর পাওয়া গেল না। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় হলো প্রথম রাউন্ডটা। এটা শেষ করার পর কিন্তু পরিকল্পনা করা হবে কতটুকু যেতে পারব। আমরা ওমানে গিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচ যখন খেলব তখন থেকে বিশ্বকাপের বিষয়টা শুরু হবে যে কতদূর যেতে পারব। এখান থেকে কিছু বলা মুশকিল।’ তিনি আরো বলেন, ‘এটা টিম ম্যানেজমেন্ট লক্ষ্যটা ঠিক করবে। টিম ম্যানেজমেন্ট যখন কথা বলবে, হেড কোচ আছেন তখন লক্ষ্যটা ঠিক করবে।’

আসলে নির্বাচকদের বড় কিছু বলার সুযোগও কম। অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত পরিসংখ্যন তাই বলে। গত ছয় আসরে টুর্নামেন্টের মূল পর্বে মাত্র একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ, সেটিও ১৪ বছর আগে প্রথম আসরে (২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে)।

এবার বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর, সুপার টুয়েলভ পর্ব মাঠে গড়াবে ২৩ অক্টোবর। বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড। সুপার টুয়েলভ পর্বে উঠলে গ্রুপ-২ তে খেলতে হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের বিরুদ্ধে।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।