জাতীয় দলে খেলার স্বপ্ন লালন করেন প্রতিটি ক্রিকেটার। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলা স্বপ্নপূরণের আরেকটি ধাপ। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য গতকাল ঘোষিত বাংলাদেশ দলটা ১৫ সদস্যের। চূড়ান্ত দলের আট ক্রিকেটার রয়েছেন যারা প্রথম বার টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। যার মধ্যে ছয় জন আবার যে কোনো ফরম্যাট মিলে বিশ্বকাপ অভিষেকের দুয়ারে আছেন।
লিটন দাস, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, শরীফুল, শামীম হোসেন, নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুবকে ছুঁয়ে যাচ্ছে প্রথম টি-২০ বিশ্বকাপের রোমাঞ্চ। গতকাল দল ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে সবার দোয়া চেয়েছেন শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
সাইফউদ্দিন, নাঈম শেখ, শামীম হোসেন গতকাল একান্ত আলাপে ইত্তেফাককে জানিয়েছেন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার অনুভূতি।
পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার সুযোগ পেয়ে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অন্যরকম। যখন বিশ্বকাপে সেটা হয়, তখন আরো বেশি ভালোলাগা কাজ করে। সবমিলিয়ে আসলে ভালো লাগছে।’
বাঁহাতি ওপেনার নাঈম শেখ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।’ ওপেনারের দায়িত্ব নিতে প্রস্তুত এ তরুণ। তবে চাপ অনুভব করছেন না জানিয়ে নাঈম বলেছেন, ‘চাপ বলতে তেমন কিছু নাই। ওপেনারদের সবসময় দায়িত্ব থাকে। সেটা অভিজ্ঞ বা অনভিজ্ঞ হোক। যেই খেলে তার দায়িত্ব থাকে। অভিজ্ঞদের দায়িত্ব বেশি, তরুণদের দায়িত্ব কম এমন নয়। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতেছি, শতভাগ চেষ্টা থাকবে।’ যুব বিশ্বকাপ জয়ের দুই বছরের মধ্যেই সিনিয়র ক্রিকেটের বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে খুশি শামীম। গতকাল এ তরুণ বলেছেন, ‘ভালো লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনূর্ধ্ব-১৯ আর আন্তর্জাতিক ক্রিকেট অনেক পার্থক্য। এখানে সবকিছু থাকে। আস্তে আস্তে যত বড় লেভেলে যাবে সেখানে চাপসহ অনেক কিছু থাকবে। চাপ নিলেই চাপ আসবে, না নিলে কিছুই না।’ নির্বাচকরাও শামীমকে নিয়ে উচ্চাশা পোষণ করছেন।
তামিমকে না পাওয়ার আক্ষেপ
প্রায় দুই বছর টি-২০ দলে না থাকা তামিম ইকবাল বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন। পরে বিসিবির অনুরোধে ফিরেননি তিনি। গতকাল তাকে না পাওয়ার আক্ষেপ ঝরল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কণ্ঠে। তিনি বলেছেন, ‘অবশ্যই তামিম আমাদের তিন ফরম্যাটে অন্যতম সেরা ক্রিকেটার। এখন ও নিজে থেকেই সরে দাঁড়িয়েছে, আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা ওকে পাব, এটা সত্যি দুর্ভাগ্য। তামিমকে দল ও আমরাও মিস করব।’