সৌন্দর্যবর্ধন ও ত্বকের যত্নে ব্যবহূত নামি-দামি ব্র্যান্ডের কসমেটিকসের নকলের বিরুদ্ধে অভিযানে নেমেছে র্যাব। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দোহারের উপজেলা মার্কেটের দ্বিতীয় তলায় নীল ছায়া এন্টারপ্রাইজ ও জয়পাড়া খাড়াকান্দা এলাকায় মা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে নকল কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-১১ সদস্যদের সহায়তায় অভিযানের নেতৃত্ব দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম ফিরোজ মাহমুদ। নীল ছায়া এন্টারপ্রাইজ ও মা এন্টারপ্রাইজের গোডাউন থেকে প্রায় ৫০ ধরনের নকল কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নকল কসমেটিকস পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে। জব্দ করা প্রায় সবগুলো পণ্য নকল ও অবৈধ। এসব পণ্য মজুত ও বাজারজাত করার দায়ে নীল ছায়া এন্টারপ্রাইজের মালিক আ. রহমান ও মা এন্টারপ্রাইজের মালিক আমজাদ হোসেনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।