গত বুধবার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উইন্টার, স্প্রিং ও সামার-২১ সেমিস্টারে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠিত হয়। জুম মিটিং অ্যাপে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী। তারা নবীন শিক্ষার্থীদের জীবন গঠনে অনুপ্রেরণামূলক মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনসংযোগ পরিচালক ও সহযোগী অধ্যাপক সংগীতশিল্পী লিলি ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ভর্তি ফিতে ৫০ শতাংশ ও করোনাকালীন সব শিক্ষার্থীর জন্য টিউশন ফির ওপর ১০ শতাংশ ওয়েভার ঘোষণা করেন। এছাড়া শতভাগ পর্যন্ত শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েভারের সুবিধা রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি