নওগাঁর মহাদেবপুরে বিষাক্ত বড়ি সেবন করে মা-ছেলে ‘আত্মহত্যা’ করেছেন। তারা হলেন শেফালী রাণী মণ্ডল (৪৮) ও সুজন মণ্ডল (২৭)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বীরেন মণ্ডল তার ব্যবসার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর ১২টায় স্ত্রী শেফালী তার স্বামী বীরেন মণ্ডলকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বলেন। অন্যথায় তিনি বিষ পানে ‘আত্মহত্যা’ করবেন বলে হুমকি দেন। এরপর দ্রুত বাড়িতে ফিরে স্ত্রী ও পঙ্গু ছেলেকে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা বিষাক্ত বড়ি সেবন করেছেন বলে জানান। তাদের অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। পথে ছেলের মৃত্যু হয়। আর শেফালীকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, ১২ বছর আগে ছেলে সুজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এরপর থেকেই তিনি বিছানায় শয্যাশায়ী। স্থানীয় ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শেফালী পঙ্গু ছেলেকে বিষাক্ত বড়ি খাইয়ে নিজেও তা খেয়েছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, তাত্ক্ষণিকভাবে ঘটনার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।